ভোটের সময় প্রতি কেন্দ্রে ২০০ করে লাঠি প্রস্তুত রাখার নির্দেশ
আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০ করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা।
আজ বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল।
চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, ‘শেখ সেলিম, শেখ হেলালসহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে, এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নয়। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কী করে? ৯৬ সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে। শেখ হাসিনা সাড়ে তিন শ মন্ত্রী-এমপি নিয়ে পালিয়েছেন।
এ সময় ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি’-বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

Comments
Post a Comment