চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা!
ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক যুবককে গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজার এলাকায় বুধবার ২২শে জানুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুবেল ইসলাম (৩৪)। তিনি রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর এলাকার পটুয়াপাড়ার খলিলুর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে একটি গাছে ঝুলিয়ে রেখে পেটান গ্রামবাসী। এসময় উল্লসিত গ্রামবাসী পেটাতে পেটাতে ছবি তোলেন, ভিডিও করেন। অনেককেই সেল্ফি তোলা আর রিল বানাতে দেখা যায় এ সময়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার যাদুরানি বাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে বাজারের গরুহাটি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে রশিতে বেঁধে একটি গাছে ঝুলিয়ে মারধর করেন গ্রামবাসী।
পরে অবস্থা গুরুতর হলে রশি খুলে তাকে গাছের নিচে ফেলে রাখা হয়। এরপরই ঘটনাস্থলে ওই যুবক মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হরিপুর থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রুবেল দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো। সে কারণে ক্ষোভ থেকে তাকে গণপিটুনি দেন গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দা মো. সিদ্দিক বলেন, ‘মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেলকে একটি বটগাছে দুইহাত বেঁধে ঝুলিয়ে পেটায় জনতা। এতেই তার মৃত্যু হয়েছে। এটা সত্যিই অমানবিক ঘটনা। সে চুরি করেছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল। এমন নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা কারও কাছেই কাম্য নয়। এর সঠিক বিচার হওয়া দরকার।

Comments
Post a Comment