জ্বীন তাড়ানোর নামে "অনৈতিক সম্পর্ক", হাসুয়ার কোপে কবিরাজ নিহত।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিন তাড়ানোর নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ১১টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার সময় চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে কবিরাজ মো.মতি তেলী (৪০) পাশের গ্রামের শুকুদ্দির স্ত্রীর ভূত তাড়ানোর কথা বলে ঐ বাড়িতে যায়। শুকুদ্দির স্ত্রীর সাথে কবিরাজ মতি তেলীর আগে থেকেই পরকীয়া ছিল। পরকীয়ার বিষয়টি জানতে পেরে শুকুদ্দি ও তার ছেলে পিয়ারুল মতি তেলীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে রুমের দরজা লাগিয়ে পালিয়ে যান। পরে শুকুদ্দির মা ঘরের দরজা খুলে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Comments
Post a Comment